জনপ্রশাসনের বিদায়ী সচিব সদস্য হলেন পিএসসিতে
চাকরির মেয়াদ শেষে বুধবার অবসরে যাওয়ার কথা ছিল আলী আজমের।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য করে নিয়েছে সরকার।
তাকে নিয়ে সোহরাব হোসাইন নেতৃত্বাধীন কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
চাকরির মেয়াদ শেষে বুধবার অবসরে যাওয়ার কথা ছিল আলী আজমের। নতুন জনপ্রশাসন সচিব হিসেবে সোমবার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর নামও ঘোষণা করা হয়।
এরপর মঙ্গলবার এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে বিদায়ী সচিব আলী আজমকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে আসবে, সে সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করতে পারবেন।
আলী আজম জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার আগে শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
