সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন
বেকারত্ব নিরসনে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বাস্তব পরিকল্পনা সরকারের রয়েছে কি না প্রশ্ন করেন হাসনাত।
সরকারি চাকরিতে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতির অগ্রগতি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর দেওয়া এক প্রশ্নত্তোরের সমালোচনা করে তিনি বলেন, “পাঁচ মাস ২২ দিন আগে সরকারের পক্ষ থেকে নিয়োগের বিষয়ে যে উত্তর দেওয়া হয়েছিল, এখনো একই উত্তর দেওয়া হচ্ছে। এই সময়ে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই তথ্যও জানানো হয়নি।”
হাসনাতের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরগুলোতে নিয়োগ কার্যক্রম চলছে। বছরের শেষ নাগাদ কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে সে তথ্য সংসদে তুলে ধরা হবে।
এর আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-১ আসনে বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।”
এ বিষয়ে শূন্য পদ পূরণের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর উত্তরের পর সম্পূরক প্রশ্ন করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “গত ১৮ মে সরকারের তিন মাস পূর্তিতে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী সরকারি চাকরিতে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের বিষয়ে যে উত্তর দিয়েছিলেন, পাঁচ মাস ২২ দিন পরও একই উত্তর দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পাঁচ মাস ২২ দিনে এই উত্তরের কিছুই পরিবর্তন হয় নাই।”
মন্ত্রণালয় থেকে তৈরি করে দেওয়া উত্তর প্রতিমন্ত্রী শুধু পড়ে শুনিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
বেকারত্ব নিরসনে এ অবস্থায় নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বাস্তব পরিকল্পনা সরকারের রয়েছে কি না জানতে চান হাসনাত। একইসঙ্গে আগের লিখিত উত্তর আবার পড়ে না শুনিয়ে নিয়োগের বাস্তব পরিকল্পনা তুলে ধরতেও মন্ত্রীকে অনুরোধও করেন তিনি।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “দেশের সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নিয়োগ কার্যক্রম চলছে। জেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের মাধ্যমেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ছয় মাস পরপর নিয়োগ সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হয়। বর্তমানে বিভিন্ন দপ্তর থেকে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ সব তথ্য একত্র করে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তা সংসদকে জানানো সম্ভব হবে।
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নিয়োগের অভিযোগ তদন্তের দাবি
খায়রুল কবির খোকন তার সম্পূরক প্রশ্নে বিগত সরকারের সময়ে সরকারি চাকরিতে নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার, দলীয় বিবেচনা, দুর্নীতি ও অন্যান্য অনৈতিক উপায়ে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।”
এসব নিয়োগ তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থেকে বাদ দেওয়া এবং শূন্য পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে কি না জানতে চান তিনি।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “বিগত সময়ে নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের বিদ্যমান শূন্য পদগুলো পূরণের কাজ চলছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ফলে নতুন কোনো পদ শূন্য হলে সেগুলোও মেধা ও যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।
সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার সীমান্তবর্তী উপজেলাগুলোর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করেন।
অপরাধী চক্রের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘যোগসাজশ’ ঠেকাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ তদারকি ব্যবস্থা বা গোয়েন্দা কার্যক্রম রয়েছে কি না জানতে চান তিনি।
জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত গোয়েন্দা কার্যক্রম চলে। সেখানে কোনো অপরাধ হলে বা অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সরকার বিষয়টি জানতে পারে। এ কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান রয়েছে।”
