১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ

রোহিঙ্গাদের নামে উগ্রবাদীদের অর্থায়ন হচ্ছে কি না তা খতিয়ে দেখা হতে পারে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2023, 11:31 PM

Updated : 19 Feb 2023, 11:31 PM

দেশে অবৈধ অস্ত্রের সঠিক তথ্য বের করে তা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “অনেকের অস্ত্রের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে অস্ত্রটি অবৈধ হয়ে পড়ে। আবার কেউ কেউ জাল লাইসেন্স বানিয়ে অবৈধ অস্ত্র বৈধ করার চেষ্টা করে।

“এসব অবৈধ অস্ত্রের তথ্য বের করে তা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”

রোহিঙ্গাদের অর্থ যোগান দাতাদের বিষয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের নিয়ে যারা কাজ করে, তাদের বিষয়ে অভিযোগ রয়েছে যে- তারা জঙ্গি-উগ্রবাদীদের অর্থায়ন করে।”

এ অভিযোগ খতিয়ে দেখার পরিকল্পনা সরকারের রয়েছে জানিয়ে মোজাম্মেল হক বলেন, “যা অর্থ আসে রোহিঙ্গাদের নামে, তার কতটুকু রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়- আর কতটুকু কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যয় হয়, তার একটা হিসাব থাকা উচিত।

“জঙ্গি-উগ্রবাদীদের অর্থায়ন করা হয়-এমন অভিযোগ আছে, সেটা পরিষ্কার হওয়ার জন্য তাদের কাছে আইনানুগভাবে হিসাব চাওয়া যেতে পারে।”

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজন মন্ত্রী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।