জুরাইনে আগুন: দগ্ধ একজনের মৃত্যু
গত রোববার রাতে জুরাইনে গ্যাসের লিকেজ থেকে আগুনে পাঁচ দগ্ধ হয়েছিলেন।
রাজধানীর কদমতলীর জুরাইনে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুনে দগ্ধদের মধ্যে একজন মারা গেছেন।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মারা যান মুক্তা খাতুন নামের ৩০ বছর বয়সী ওই নারী।
চারদিন আগের ওই ঘটনায় দগ্ধ আরও চারজন বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন। তারা হলেন– মুক্তার বাবা আলতাফ সিকদার, মা মর্জিনা বেগম, মুক্তার স্বামী আতাহার ও তাদের ৫ বছর বয়সী মেয়ে আফসানা।
আতাহারের শরীরের ৫৫ শতাংশ, আলতাফ সিকদার ও আফসানার ২৫ শতাংশ করে এবং মর্জিনা বেগমের ৫ শতাংশ, ও আফসানার ২৫ শতাংশ আগুনে পুড়ে গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, মুক্তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
আলতাফ সিকদারের শ্যালক মো. মাহাবুব জানান, জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের চার তলা বাড়ির নিচ তলায় তার বোনের পরিবার ভাড়া থাকেন। তার ভগ্নিপতি হকারি করেন।
গত রোববার রাত ২টার দিকে মুক্তা রান্নাঘরে চুলা ধরাতে গেলে বিস্ফোরণে পুরো ঘরে আগুন ধরে যায়।
মুক্তা খাতুন এক সপ্তাহ আগে তার বাবার বাসায় পরিবার নিয়ে বেড়াতে এসেছিল।তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপার কচুয়ায়।
