২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসাধীন সেব্রিনা ফ্লোরা এখনও আগের অবস্থাতেই

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন তিনি, তার অবস্থা এখনও সঙ্কটাপন্নই রয়েছে।

চিকিৎসাধীন সেব্রিনা ফ্লোরা এখনও আগের অবস্থাতেই

মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 01:44 AM

Updated : 26 Aug 2022, 01:44 AM

সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার রাতে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন তার সাবেক সহকর্মী, আইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. ফ্লোরার মারা যাওয়ার বিষয়ে যে গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়।”

সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হওয়ার আগে আইইডিসিআরের পরিচালক ছিলেন। করোনাভাইরাস মহামারী শুরুর পর হালনাগাদ তথ্য জানাতে প্রতিদিন আইইডিসিআর যে সংবাদ সম্মেলন করতে, সেখানে সেব্রিনা ফ্লোরার সঙ্গে ডা. আলমগীরও থাকতেন।

পুরনো খবর:

ডা. সেব্রিনা ফ্লোরা ‘লাইফ সাপোর্টে’

শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় এই মাসের মাঝামাঝিতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানেই অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন।

ডা. আলমগীর বলেন, ডা. সেব্রিনা ফ্লোরা এখনও ভেন্টিলেশনে আছেন। তার কিডনিতে ক্রিয়েটিনিন বেশি, এজন্য ডায়ালাইসিস করা হচ্ছে।

“এছাড়া উনার অগ্নাশয়ের যে ইনফেকশন ছিল তা এখনও সারেনি। এটা ইআরসিপির পোস্ট কমপ্লিকেশন্স। বাম ফুসফুসে সংক্রমণ থাকায় শ্বাসকষ্ট হচ্ছে, এজন্য তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এছাড়া অন্য প্যারামিটারগুলো স্ট্যাবল আছে।”