ধর্ষণ ও হত্যাচেষ্টা: আদালতে ‘ইতস্তত’ পরীমনির, সাক্ষ্য দেবেন ক্যামেরা ট্রায়ালে
সাক্ষ্য দেওয়ার সময় পরীমনি ঘটনার বিবরণ দেওয়ার সময় কিছুটা মুষড়ে পড়েন। ঘটনার রাতে বোট ক্লাবে কী ঘটেছিল তা তুলে ধরতে ইতস্তত করছিলেন এই নায়িকা।
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) সাক্ষ্য দেবেন চিত্রনায়িকা পরীমনি।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী ১৩ সেপ্টেম্বর এই সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন।
এদিন দুপুর পৌনে ১টার দিকে সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমনি। এসময় আদালতে আইনজীবী, সাংবাদিক, পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাক্ষ্য দেওয়ার সময় পরীমনি ঘটনার বিবরণ দেওয়ার সময় কিছুটা মুষড়ে পড়েন। ঘটনার রাতে বোট ক্লাবে কী ঘটেছিল তা তুলে ধরতে ইতস্তত করছিলেন এই নায়িকা।
তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহিদ উদ্দিন ঢালী বলেন, পরীমনি লজ্জায় অনেক কথা বলতে পারছেন না। এসব কথা বলাও যায় না।
বিচারক বলেন, “আপনারা তাহলে মামলার বিচার ক্যামেরা ট্রায়ালে করার আবেদন করেন। যথাযথ ব্যবস্থা নেব।”
এসময় বিচারক পরীমনির কাছে জানতে চান, “আপনি কি সাক্ষ্য দেওয়ার জন্য ফিট আছেন?”
পরীমনি বলেন, “আজকে ফিট না। প্রস্তুত হয়ে আসিনি। আর সবার সামনে এসব কথা বলতে চাচ্ছি না।”
পরে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারকের খাস কামরায় রুদ্ধদ্বার কক্ষে গোপন সাক্ষ্য (ক্যামেরা ট্রায়াল) গ্রহণের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আসেন পরীমনি। মামলার আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমও আদালতে হাজিরা দেন।
২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে যান পরীমনি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে ১৪ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন তিনি।
তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
এরপর গতবছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়।
