ঐতিহ্য আর অগ্রগতি দেখতে বাংলাদেশে ১৪ বিদেশি প্রতিনিধি
প্রতিনিধিদের মধ্যে গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর আর্থ-সামাজিক অগ্রগতি দেখতে ভ্রমণে এসেছেন ১১ দেশের ১৪ প্রতিনিধি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, চীন, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও ভিয়েতনাম থেকে এসেছেন এই ১৪ অতিথি। প্রতিনিধিদের মধ্যে গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের সফর শুরু হয়েছে। শুক্রবার বিজয় দিবসে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজেও উপস্থিত থাকবেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় তারা এই ভ্রমণে এসেছেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের প্রথম দিন বৃহস্পতিবার এই বিদেশি প্রতিনিধিরা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই ‘ভিজিট বাংলাদেশ ২০২২’-এ অংশগ্রহণকারীদের বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা এবং এই কর্মসূচিতে অংশ নেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।
অংশগ্রহণকারীদেরকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি, স্বাধীন গণমাধ্যম, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি সম্পর্কে অবহিত করেন তারা।
‘ভিজিট বাংলাদেশ’-এ অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ দেশে বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
আমন্ত্রণ জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন অতিথিরা।
ছয় দিনের ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ কর্মসূচিতে বিদেশি অতিথিরা ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করবেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। পরিদর্শন করবেন একটি শিল্প পার্ক।
তথ্যমন্ত্রীর হাছান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের সার্বিক তত্ত্বাবধানে ছয় দিনের ‘ভিজিট বাংলাদেশ’ আয়োজন শেষ হবে ২০ ডিসেম্বর।
