আ. লীগের সেই নেতাদের মুখে কুলুপ
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভী জয়ের পথে থাকা অবস্থায় মুখ খুলছেন না শামীম ওসমানকে সমর্থন দেওয়া ক্ষমতাসীন দলের সেই নেতারা।
ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভী জয়ের পথে থাকা অবস্থায় মুখ খুলছেন না শামীম ওসমানকে সমর্থন দেওয়া ক্ষমতাসীন দলের সেই নেতারা।
নির্বাচনের আগে শামীমের প্রতি আওয়ামী লীগের আনুষ্ঠানিক সমর্থন 'নিশ্চিত করে' বক্তব্য দেওয়া মাহবুব-উল-আলম হানিফ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না।"
আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক গত ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ গিয়ে শামীমের প্রতি তাদের সমর্থন ঘোষণা দেন।
এর পাঁচদিন পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শামীম ওসমানকে।
শামীমকে সমর্থন নিয়ে ক্ষমতাসীন দলের ওই চার নেতার বক্তব্যের আগে শামীম ও আইভীর মধ্যে কাকে আওয়ামী লীগ সমর্থন দেবে তা নিয়ে কয়েকদিন টানাপড়েন চলে।
দলটির যে তিন সাংগঠনিক সম্পাদক শামীম ওসমানকে সমর্থন জানাতে নারায়ণগঞ্জ গিয়েছিলেন তাদের একজন আহম্মদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "আমার এই নির্বাচন নিয়ে কথা না বলাই ভালো।"
নির্বাচনের আগে শামীম ওসমানের বাসভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ।
এ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শামীম ওসমানকে আমরা সমর্থন করেছিলাম। আর, আইভিও আমাদের। শামীমকে সমর্থন দেওয়াটা ছিলো দলের কৌশল। তবে, এই নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, "নির্বাচন কমিশনের ঘোষণার আগে আমি এ বিষয় নিয়ে কোনো কথা বলবো না।"
এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "জনগণের রায় মেনে নেওয়াই আমাদের দায়িত্ব।"
শামীম ওসমানকে দলীয় সমর্থন প্রসঙ্গে আমু বলেন, "এটা কি দলীয় সিদ্ধান্ত? দলের মধ্যে শামীম ওসমানকে সমর্থনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়েছে বলে তো আমি জানি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৭ ঘ.
