২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমই আ. লীগের প্রার্থী: হানিফ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অবশেষে জানালো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক সাংসদ শামীম ওসমানই তাদের সমর্থন পাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অবশেষে জানালো, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক সাংসদ শামীম ওসমানই তাদের সমর্থন পাচ্ছে। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শামীম ওসমানকে।" নবগঠিত এই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের মধ্যে কে দলের সমর্থন পাবেন তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ওই দুই জনকে নিয়ে কয়েক দফা বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। খোদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তাদের নিয়ে আলাদাভাবে দুই দফা বৈঠক করেন। কিন্তু শেষ পর্যন্ত অনমনীয় থাকেন তারা। এরপর ১৩ অক্টোবর নির্বাচন কমিশন এই দুইজনসহ মেয়র পদের ৬ প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করে। ৩০ অক্টোবর নির্বাচনের জন্য শামীম পান 'দেয়ালঘড়ি'। আর আইভির জন্য বরাদ্দ হয় 'দোয়াত কলম' প্রতীক। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এবং আবু সাঈদ স্বপন ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শামীম ওসমানকে সমর্থন দেন। আবু সাইদ আল স্বপন বলেন, "আমরা তিন সাংগঠনিক সম্পাদক একত্রে এখানে উপস্থিত হয়েছি। এ থেকেই বোঝা যায়, দলের সমর্থন কার পক্ষে।" নির্বাচনী আচরণবিধির কারণে দল 'প্রকাশ্যে' সমর্থনের কথা জানাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ১৪ অক্টোবর বলেছিলেন, "কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওখানে (নারায়ণগঞ্জ) গিয়েছিলেন। তারা কারো পক্ষে ঘোষণা দিয়ে থাকলে আমার তা জানা নেই। আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) মুখপাত্র হিসেবে এ বিষয়ে আমার কথা বলা সমীচীন হবে না।" এ বিষয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে আসলে কে দলটির সমর্থন পাচ্ছেন তা নিয়ে সৃষ্টি হয় ধূম্রজাল। এই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভীও বলে আসছিলেন, শামীম ওসমানের প্রতি তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থন দলীয় সমর্থন নয়। এটা শামীমের প্রতি তার বন্ধুদের সমর্থন। এ বিষয়ে হানিফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের নেতারা কাজ করছেন। এ নিয়ে কোনো রকম বিভ্রান্তি থাকার তো কারণ নেই।" ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দাবি, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই তার দল শামীম ওসমানকে এই সমর্থন দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯২৮ ঘ.