২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমকে 'আ. লীগের' সমর্থন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক, যদিও একে 'দলীয় সমর্থন' বলে মানতে রাজি নন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াত আইভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক, যদিও একে 'দলীয় সমর্থন' বলে মানতে রাজি নন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াত আইভি। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল স্বপন বলেন, "আমরা তিন সাংগঠনিক সম্পাদক একত্রে এখানে উপস্থিত হয়েছি। এ থেকেই বোঝা যায়, দলের সমর্থন কার পক্ষে।" নির্বাচনী আচরণবিধির কারণে দল 'প্রকাশ্যে' সমর্থনের কথা জানাতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি। অবশ্য এই ঘোষণা 'আনুষ্ঠানিক' কি না- সে বিষয়টি স্পষ্ট করেননি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই। "যারা এ ঘোষণা দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন", যোগ করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং নারয়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির মধ্যে কে আওয়ামী লীগের সমর্থন পাবেন- তা ঠিক করতে তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেন দলটির শীর্ষ নেতারা। কিন্তু শেষ পর্যন্ত তারা অনমনীয় থাকেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের কেউ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুইজনসহ মেয়র পদের ৬ প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করে। শামীম 'দেয়ালঘড়ি' ও আইভি 'দোয়াত কলম' প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "আমি পরিষ্কারভাবে বলছি, স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু, তাদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। এখন আমরা বসে সিদ্ধান্ত নেব- আমাদের করণীয় কী।" এর তিন ঘণ্টার মাথায় তিন সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী এবং আবু সাঈদ স্বপন সন্ধ্যা পৌন ৭টায় শামীম ওসমানকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান। নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকনসহ স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আহম্মদ হোসেন বলেন, "আজ এখানে এই কার্যালয়ে আমাদের তিন সাংগঠনিক সম্পাদকের আগমনের কারণ নিশ্চই আপনারা বুঝতে পারছেন। আমাদের আগমনের মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তরও নিশ্চয়ই পেয়ে গেছেন। আমাদের আগমনের মধ্য দিয়ে শামীম ওসমানের নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন হলো।" 'বিভ্রান্ত' না হয়ে শামীম ওসমানের পক্ষে কাজ করে তাকে নির্বাচিত করার জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। খালেদ মাহমুদ বলেন, "নারায়ণগঞ্জের মানুষ তাদের নেতা নির্বাচনে ভুল করবে না।" এর প্রতিক্রিয়ায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী সাংবাদিকদের বলেন, "এটি কোনো দলীয় সমর্থন নয়। শামীম ওসমানের বন্ধু বান্ধবদের সমর্থন। বন্ধুদের যে কেউ এসে যে কাউকে সমর্থন দিতে পারে। কিন্তু সেটা দলীয় বিষয় নয়।" তিন সাংগঠনিক সম্পাদকের সমর্থনকে 'একান্তই ব্যক্তিগত' দাবি করে তিনি বলেন, "আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। বিকেলেও তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে কাউকে সমর্থন দেওয়ার বিষয়ে কিছু বলেননি। তিনি কাউকে সমর্থনের কথা জানাননি।" নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী আইভী বলেন, "আমি শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। ৩০ অক্টোবর পর্যন্ত মাঠে থাকবো।" শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, "জেলা আওয়ামী লীগের আহবায়ক এস এম আকরাম বা আমিসহ দলের নেতাকর্মীদের না জানিয়েই এসেছিলেন তিন সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ কোনো গোপন সংগঠন নয়, যে গোপনে এসে কাউকে সমর্থন দিয়ে যেতে হবে। তাছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এখন পর্যন্ত কাউকে সমর্থনের কথা জানাননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/০২৫৪ ঘ.