ম্যানহোলের ঢাকনায় অটোর ধাক্কা, ছিটকে পড়ে ময়লার ট্রাকে পিষ্ট নারী
“যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় রাস্তার মাঝখানে উঁচু হয়ে ম্যানহোলের ঢাকনায় অটোরিকশাটির ধাক্কা লাগলে মা ছিটকে একটি ময়লাবাহী ট্রাকের তলায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
চিকিৎসার জন্য ছেলের সঙ্গে ভোলার বোরহানউদ্দীন থেকে ঢাকায় এসেছিলেন মা নাজমা বেগমকে (৪৬) । কিন্তু সড়ক দুর্ঘটনায় সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গেলেন নাজমা।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান নাজমা বেগম।
নাজমার ছেলে আব্দুল মোমিন জানান, ভোর ৫টার দিকে সদরঘাটে লঞ্চ থেকে নেমে তারা অটোরিকশায় করে যাচ্ছিলেন শনির আখড়ায় এক আত্মীয়ের বাড়িতে।
“যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় রাস্তার মাঝখানে উঁচু হয়ে ম্যানহোলের ঢাকনায় অটোরিকশাটির ধাক্কা লাগলে মা ছিটকে একটি ময়লাবাহী ট্রাকের তলায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
মোমিন বলছেন, তার মাকে চাপা দিয়েই সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকটি পালিয়ে যায়।
দ্রুত নাজমা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি মারা গেছেন।
দুপুরে মোমিনের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি মায়ের লাশ নিয়ে গ্রামের বাড়ির পথে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মায়ের চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসেন।
“কিন্তু এমন দুর্ভাগ্য যে চোখের সামনেই মাকে মরতে দেখতে হলো। কোনো ডাক্তার-বৈদ্য করার আগেই মায়ের লাশ নিয়ে এখন ফিরতে হচ্ছে।”
স্বজনদের আবেদনে নাজমা বেগমের লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে জানিয়ে যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম বলেন, পুলিশ ময়লাবাহী ট্রাকটিকে শনাক্ত করতে পারেনি। এজন্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
