শিশু প্রহরে বাড়তি আনন্দ তাদেরই ‘হাতে তৈরি’ বইয়ে
আনন্দ-উচ্ছ্বাস নিয়ে শিশুরা ঘুরে বেড়িয়েছে বইমেলায়।
শিশু কিশোরদের উচ্ছ্বাসে সকাল থেকেই মুখরিত ছিল অমর একুশে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ।
শুক্রবার ছুটির দিনে সকাল ১১টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে মেলার মূল মঞ্চে চিত্রাঙ্কন ও একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়; এরপরই শিশু প্রহরে আসতে শুরু করে শিশুরা। আনন্দ-উচ্ছ্বাস নিয়ে তাদের ঘুরে বেড়াতে দেখা যায় মেলায়।
এর সঙ্গে আলাদা মাত্রা যোগ করে লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের উপস্থিতি।
মায়ের সঙ্গে রাইসা এসেছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে। পরে শিশুচত্বরে ঘুরে ঘুরে পছন্দের কয়েকটি বই কিনেছে। সিসিমপুর মঞ্চে হালুম টুকটুকিদের প্রদর্শনীও উপভোগ করেছে সে।
লেখক জাফর ইকবালের সঙ্গে ছবি তুলে আনন্দ পেয়েছে জানিয়ে রাইসা বলছিল, ভীষণ ভালো লাগছে তার।
তার মা রাফিয়া আনজুম বলেন, মেয়েকে নিয়ে বইমেলায় এসেছি, তাকে পছন্দের বই কিনে দিয়েছি। সন্তানের আনন্দের মাঝেই তো এখন মায়ের আনন্দ।
ছোট্ট নিশাতকে নিয়ে বইমেলায় এসেছিলেন সুমন-নাফিসা দম্পতি। শিশুচত্বরে প্রবেশ করেই নিশাত দৌড়ে ছুটে গেল সিসিমপুর মঞ্চের কাছে। অন্য শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠে সে।
পাশে দাঁড়িয়ে থেকে নিশাতকে দেখতে দেখতে সুমন জানালেন, নিশাতের এটি দ্বিতীয় বইমেলা ভ্রমণ। এর আগে গত বছর প্রথম এসেছিল সে। সেবার মেলায় এসে খুব আনন্দ পেয়েছিল, তাই এবারও তাকে নিয়ে এসেছেন।
“আমরা চাই নিশাত বই ভালোবেসে বেড়ে উঠুক। তাই ছোটবেলা থেকে ওকে নিয়মিত বই কিনে দিই।”
এদিকে শিশু প্রহরে সকাল থেকেই বাড়তি আনন্দ যোগ করতে দেখা গেছে ঢাকার নালন্দা বিদ্যালয়ের ছোট্ট শিক্ষার্থীদের। একঝাঁক শিক্ষার্থীদের সম্মিলিত উপস্থিতির সঙ্গে নিজেদের হাতে তৈরি প্রায় পাঁচ শতাধিক বইয়ের প্রদর্শনীও করেছে তারা।
সেসব বইয়ে স্কুলের শিক্ষার্থীদের লেখা ছড়া, কবিতা, গল্প ছিল। ছিল তাদেরই আঁকা অনেক ছবি। এগুলো দেখে অন্য শিশুদেরও মেতে থাকতে দেখা গেছে মেলাপ্রাঙ্গণ জুড়ে।
শিক্ষার্থীদের সঙ্গে এসেছিলেন নালন্দা স্কুলের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস।
কথা বলতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রতি বছরই ছোট্ট শিশুদের নিয়ে মেলায় আসেন তিনি। স্কুলের সামগ্রিক ক্লাস-পরীক্ষার পাশাপাশি মেলায় এসে আনন্দ নিয়ে অনেক কিছু শিখতে পারে শিশুরা।
“আমাদের শিক্ষার্থীদের নিয়ে বইমেলায় আসতে পেরে ভালো লাগছে। বিগত কয়েক বছর ধরেই আমরা মেলায় এসে শিক্ষার্থীদের হাতে তৈরি বইয়ের প্রদর্শনী করি। করোনাভাইরাসের জন্য গত বছর আসা হয়নি। ২০২০ সালে আমরা মেলায় এসেছিলাম।”
এদিকে শিশু প্রহরে পূর্বঘোষিত প্রদর্শনীর আয়োজন ছিল সিসিমপুরের। বেলা সাড়ে ১১টায় শিশুদের সঙ্গে আনন্দে মেতে ওঠে হালুম, টুকটুকিসহ অন্যরা। ছুটির দিনে বিকাল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় আরও দুটি প্রদর্শনী হবে বলে জানিয়েছে সিসিমপুর।
এছাড়া শিশুচত্বরে পঙ্খিরাজ, বাবুই, শিশু রাজ্য, সিসিমপুর, বাংলা একাডেমির শিশু কর্নারসহ কয়েকটি স্টলে খোঁজ নিয়ে জানা যায়, ছুটির দিনে আশানুরূপ বিক্রি হচ্ছে। বিকাল গড়িয়ে সন্ধ্যায় আরও বেশি বিক্রি হবে বলে আশা শিশুদের বই নিয়ে বসা স্টলের বিক্রয়কর্মীদের।
