ঢাকার খিলগাঁওয়ে বৃহস্পতিবার গ্যাস থাকবে না ৮ ঘণ্টা
গ্যাসের পুরোনো লাইন সরিয়ে নতুন লাইন প্রতিস্থাপন কাজের জন্য এই সমস্যা।
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার খিলগাঁও তালতলা থেকে বনশ্রী পর্যন্ত এলাকায় আট ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার তিতাস গ্যাস কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশেপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্যাসের পুরোনো লাইন সরিয়ে নতুন লাইন প্রতিস্থাপন কাজের জন্য সাময়িক এই সমস্যা হচ্ছে জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তিতাস।
