০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মিরপুর-আগারগাঁওয়ের যেসব এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

তিতাস বলছে, নির্ধারিত এলাকার আশপাশেও এ সময় গ্যাসের চাপ কম থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 10:44 AM

Updated : 07 Oct 2026, 10:44 AM

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, আগারগাঁও, শ্যামলীসহ বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরা গ্যাস পাবেন না।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০ এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায়।

এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ অভিমুখী সড়কের ডান পাশের এলাকায় গ্যাস থাকবে না।

তিতাস বলছে, নির্ধারিত এলাকার আশপাশেও এ সময় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।

এর আগেও পাইপলাইন মেরামত ও ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের কারণে মিরপুর, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে।

গত ৯ এপ্রিল মিরপুর রোডের দারুস সালাম এলাকায় মাটির নিচের পাইপলাইনে ছিদ্র শনাক্ত হওয়ার পর মেরামতের সময় মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর ও তেজগাঁওসহ রাজধানীর একাংশে গ্যাস সংকট দেখা দেয়।

তিতাসের তথ্য অনুযায়ী, সরবরাহ ঘাটতির পাশাপাশি পুরনো ও ক্ষতিগ্রস্ত পাইপলাইনের ছিদ্র দিয়ে পানি ঢোকার কারণেও ঢাকার কিছু এলাকায় গ্যাসের সংকট তীব্র হওয়ার নজির রয়েছে।

পাইপলাইনে চাপ কমে গেলে ছিদ্র দিয়ে পানি ঢোকার সুযোগ তৈরি হয় বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন।

জুলাইয়ে তিতাসের আওতাধীন এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা ছিল প্রায় ২০০ কোটি ঘনফুট। সে সময় সরবরাহ ১৫০ কোটি ঘনফুটের নিচে নেমে যাওয়ায় দৈনিক ঘাটতি দাঁড়িয়েছিল প্রায় ৫০ কোটি ঘনফুট।

তখন মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিসহ ঢাকার বিভিন্ন এলাকায় দিনের বড় সময় গ্যাস না থাকা বা চুলা জ্বালানোর মত চাপ না পাওয়ার অভিযোগ ছিল গ্রাহকদের।