১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুদকের মামলায় সম্রাটের স্থায়ী জামিন, অভিযোগ গঠন ৫ মার্চ

গত ২২ অগাস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 03:59 PM

Updated : 15 Jan 2024, 03:59 PM

২২২ কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে স্থায়ী জামিন দিয়েছে আদালত।

মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করেছেন বিচারক।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদন দাখিলের পর সোমবার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ বিষয়ে মৌখিক আদেশ দেন।

একই সঙ্গে বিচারক এই মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ তারিখ ঠিক করেন বলে জানান তিনি।

শুনানিতে উপস্থিত ছিলেন সম্রাট।

গত ২২ অগাস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

জামিনের আদেশে কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছিলেন।

২০২০ সালের ২৬ নভেম্বর দুদক জ্যেষ্ঠ দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়ে জানায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করে দুদক।

র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয়।