২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম খানের চার সপ্তাহের আগাম জামিন

চার সপ্তাহের আগাম জামিন দিয়ে তাকে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 03:10 PM

Updated : 14 Sep 2022, 03:10 PM

অবৈধ সম্পদের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।

তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

এই চার সপ্তাহের মধ্যে সেলিমকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

আদালতে সেলিমের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।   

এর আগে গত ১৪ অগাস্ট সেলিম খানের এক জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ তাকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছিল।

ওই আদেশে মামলার নম্বরে ভুল থাকার কারণে আদেশটি সুপ্রিম কোর্টে ফেরত আসে। এরপর পুনরায় জামিন চেয়ে আবেদন জানান সেলিম খান। তাতেই আগাম জামিন পেলেন তিনি।

৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে গত ১ অগাস্ট সেলিম খানের বিরুদ্ধে মামলা করে দুদক।

কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দায়ের করা এ মামলায় সেলিম খানের মোট ৩৮ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়ার কথা বলা হয়।

এর মধ্যে সাড়ে ৩৪ কোটি টাকার বেশি সম্পদ অবৈধ এবং প্রায় ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন বলে দুদকের ভাষ্য।

এজাহারে বলা হয়, “সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।”

এছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

ইউপি চেয়ারম্যান সেলিম খান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ারও কর্ণধার। গত বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ১০০টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলে তা নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

পুরনো খবর:

সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ
সেলিম খানের সাড়ে ৩৪ কোটি টাকার সম্পদ ‘অবৈধ’: দুদক
মেঘনায় বালু উত্তোলন: সেলিমের কাছ থেকে ৪ বছরের রাজস্ব আদায়ের নির্দেশ
সেলিম খানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা
ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে মামলা করছে দুদক