হরতালের সকালে রাস্তা ফাঁকা, দুপুরে বেড়েছে ব্যস্ততা
মহাখালীতে সকালে রাস্তা ছিল ফাঁকা। বেলা বাড়ার সঙ্গে এই পথে মানুষের চলাচল বেড়েছে, খুলেছে দোকান-পাটও।
বিএনপি-জামায়াতের হরতালের কারণে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকালে রাজধানীর পথ-ঘাট বেশ ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে বেড়েছে চলাচল ও কর্মব্যস্ততা।
সকালে ঢাকার বিভিন্ন রুটগুলোতে চলাচলকারী বাসের সংখ্যা ছিল সীমিত। অফিস আর জরুরি কাজে বের হয়ে সেসব গাড়িতেই ছুটতে দেখা যায় মানুষকে।
সকালে দূরপাল্লার বাস না ছাড়লেও মহাখালী এলাকায় গাজীপুর-গুলিস্তান, গাজীপুর-সায়দাবাদ রুটে চলাচলকারী বলাকা ও আজমেরী গ্লোরীসহ কয়েকটি পরিবহনের দু-চারটি বাস চলতে দেখা যায়।
মহাখালীতে প্রতিদিন সকালের অফিস সময়ে যানজট থাকলেও হরতালে ফাঁকা রাস্তায় ছুটতে দেখা যায় রিকশা ও অটোরিকশা। দুপুরে আগে আগে এই পথে মানুষের চলাচল বেশি দেখা যায়। খুলেছে দোকান-পাটও।
মহাখালীতে অটোরিকশা চালক রফিক মোল্লা বলেন, “সকালের দিকে কিছু বাস ছিল। কিন্তু সকালে বাস পোড়ানোর পর থেকে রাস্তায় আর বাস নাই।”
দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজপথে হরতালের মধ্যেও বাস চলাচলের ঘোষণা দেয় ঢাকা পরিবহন মালিক সমিতি। তবে শনিবার বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর বাসে আগুন দেওয়ার ঘটনায় হরতালের দিনও সেই উৎকণ্ঠা রয়েছে।
সকালে মোহাম্মদপুর, পুরান ঢাকার তাঁতী বাজার ও গুলিস্তান এবং ঢাকার বাইরে কয়েকটি জেলায় বাসে আগুন দেওয়ার খবর এসেছে। বাস কম চলাচলের কারণ জানতে চাইলে পরিবহন শ্রমিকরা এই উদ্বেগের কথাই জানাচ্ছিলেন।
অপরদিকে মিরপুর, কল্যাণপুর, টেকনিক্যাল ও গাবতলী এলাকায় রাস্তার পাশে দোকানপাট খোলা থাকলেও যাত্রী ও পথচারী সকালে ছিল কম। বেলা বাড়ার সঙ্গে এসব এলাকায় বাড়ে ব্যস্ততা। দু-চারটি নগর পরিবহনের বাস চলতে দেখা গেছে। চলছে বিআরটিসির বাস। বেলা সাড়ে ১১টা পর্যন্ত গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
রাজধানীর পান্থপথ এলাকায়ও সকালে দোকান-পাট খোলা ছিল কম। বেলা বাড়লে মানুষের চলাচলও বাড়ে। দুপুরের আগ দিয়ে পান্থপথ এলাকার সারি সারি ফার্নিচারের দোকানসহ প্রায় সব দোকানই খুলে যায়।
‘উৎকণ্ঠা’ নিয়ে কর্মস্থলে
হরতালের দিন সকালে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়েই কর্মস্থলের উদ্দেশে বের হন নগরবাসী। বাস কম থাকায় তাদের পোহাতে হয় ভোগান্তি। রিকশা বা অটোরিকশাতে বেশি ভাড়া দিয়ে ছুটতে হয় গন্তব্যে। সড়কে ব্যক্তিগত গাড়িও কম।
রাজধানীর শনির আখাড়ায় মোটরসাইকেল চালক রফিউল ইসলাম বলেন, “সকাল ৮টায় যাত্রী পাওয়া যায়। আজ নেই, কোথাও মানুষের জটলা দেখিনি।”
মোটরসাইকেলে শনিরআখড়া থেকে মিরপুর, বনানী, গুলশানের যাত্রী পরিবহন করেন রফিউল। তবে এই রুটে যাত্রী না পাওয়ায় সকালে মোহাম্মদপুরে একজনকে নামিয়ে ফের শনির আখাড়া আসেন তিনি।
খিলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের কাজ করেন সায়েম হোসেন, থাকেন সায়দাবাদে।
সকাল ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাস্তা একদম ফাঁকা। কোনো মানুষজন নেই, বাস যা আছে তার চেয়ে মানুষ একেবারেই কম। ফুটপাতে ব্যবসা করা লোকজনও নেই।”
সকালে একই চিত্র দেখা গেছে যাত্রাবাড়ী এলাকায়। সড়কে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে যাত্রীদের সংখ্যাও প্রতিদিনের মত ছিল না।
মাতুয়াইল-মতিঝিল রুটে চলাচল কারী তারাবো পরিবহনের সহকারী মাহতাব মিয়া বলেন, “যাত্রী নাই। মালিকে কইছে তাই গাড়ি লইয়া নামছে ওস্তাদে। যে কয়জন পাই তাই নিয়া যাইতাছি।’’
সকাল ৮টার দিকে সাধারণত যাত্রী ঠাসা থাকে এই রুট। সেখানে সকালে হাঁক-ডাকেও যাত্রী না পাওয়ার কথা জানান মাহতাব।
হরতালে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর। সকাল থেকে যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকায় পুলিশকে টহল দিতে দেখা যায়। যাত্রাবাড়ী, কাজলা, শনির আখাড়ায় হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কোনো মিছিল দেখা যায়নি। তবে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল করেন।
