২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ভর্তিতে অটিস্টিক শিশুদের বয়স শিথিলের ভাবনা

“এই শিশুদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে,” বলেন তিনি।

স্কুল ভর্তিতে অটিস্টিক শিশুদের বয়স শিথিলের ভাবনা

শিক্ষামন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 12:28 AM

Updated : 03 Apr 2023, 12:28 AM

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অটিস্টিক শিশুদের বয়স শিথিল করার ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

তিনি বলেছেন, “এই ধরনের বিশেষ শিশুদের পাবলিক পরীক্ষার খাতা ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের বয়স শিথিল করারও চিন্তা করা হবে।”
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

দীপু মনি  বলেন, “সুবর্ণ শিশুদের (অটিস্টিক) শিশুদের একসময় অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্তু এই শিশুদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে। আমাদের উচিত তাদের এই দক্ষতাগুলো বের করে আনা। এই শিশুরাও আমাদের সমাজে অবদান রাখতে পারে।”

অটিজম বিষয়ে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “অটিজম বিষয়ে আগে তেমন সচেতনতা ছিল না। সারা বিশ্বেই এটা নিয়ে তেমন সচেতনতা ছিল না। আত্মীয়দের কাছ থেকেও গোপন করা হতো।

“এই বাচ্চাদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ দেওয়া হতো না।  কিন্ত এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এই বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।”

 মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব সোলেমান খান বলেন, “অটিজম কোনো রোগ না। এটি নিউরোলজিক্যাল একটা সমস্যা। এর ফলে কমিউনিকেশনে সমস্যা হয়। বিভিন্ন উদ্দীপকে সাড়া দিতে সমস্যা হয়। কিন্ত এই শিশুরা মেধাবী। তাদের মেধা বিকাশে পরিবার ও সমাজের দায়িত্ব রয়েছে।”

আলোচনায় সভায় সূচনা ফাউন্ডেশনের সিইও সাকী খন্দকার, ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিস (নান্ড) প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর দিদারুল আলম বক্তব্য রাখেন।