২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এইডিস মশার বিস্তার কতটা বেড়েছে?

উত্তর সিটিতে হাউজ ইনডেক্স ১০ এর বেশি পাওয়া গেছে ৪০টি এলাকায়; দক্ষিণ সিটি করপোরেশনে সংখ্যাটি ৫৩।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 12:04 AM

Updated : 06 Oct 2023, 12:04 AM

ডেঙ্গুতে আক্রান্ত আর মৃত্যুতে ২০২৩ সাল এরই মধ্যে ভয়াবহতম হয়ে উঠেছে; এর কারণ ফুটে উঠল এইডিস মশা নিয়ে চালান এক জরিপে। এতে দেখা গেছে, বাংলাদেশে গত চার বছরে ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার বিস্তার বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ২৫ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বর্ষা মৌসুমে মশার ঘনত্ব পরিমাপের জন্য যে জরিপ চালিয়েছিল, বুধবার সংবাদ সম্মেলন করে তার ফলাফল তুলে ধরা হয়।

২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত বর্ষা মৌসুম জরিপের তথ্য তুলনা করলে দেখা যায়, আগের তিন বছরের তুলনায় এই বছর এইডিস মশার ব্রুটো ইনডেক্স এবং হাউজ ইনডেক্স দুটোই বেড়েছে।

এইডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের একক ব্রুটো ইনডেক্স। আর পরিদর্শন করা বাড়িগুলোর মধ্যে কতটিতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে, তা হিসাব করা হয় হাউজ ইনডেক্সের মাধ্যমে।

বাংলাদেশে ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি এবং হাউজ ইনডেক্স ১০ এর বেশি হলে মশার ঝুঁকিপূর্ণ উপস্থিতি বিবেচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ বলছে, এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০টি এলাকায় ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি। দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এই সংখ্যা ৩৫।

এর আগে ২০২০ সালে ৯টি, ২০২১ সালে ২৬টি এবং ২০২২ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩টি এলাকায় ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি ছিল।

দক্ষিণ সিটি করপোরেশনে ২০২০ সালে ১৭টি, ২০২১ সালে ৩০টি এবং ২০২২ সালে ১৪টি এলাকায় ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি ছিল।

গত চারটি জরিপের তথ্যে দেখা গেছে, হাউজ ইনডেক্সের হিসাবেও ঢাকায় মশার ঘনত্ব আগের চেয়ে বেড়েছে।

এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাউজ ইনডেক্স ১০ এর বেশি পাওয়া গেছে ৪০টি এলাকায়। দক্ষিণ সিটি করপোরেশনে সংখ্যাটি ৫৩।

উত্তর সিটি করপোরশনে এর আগে ২০২০ সালে ২৯টি, ২০২১ সালে ৩৯টি এবং ২০২২ সালে ২৬টি এলাকায় হাউজ ইনডেক্স ১০ এর বেশি ছিল।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০২০ সালে ৩৭টি, ২০২১ সালে ৪৯টি এবং ২০২২ সালে ৩৩টি এলাকায় ব্রুটো ইনডেক্স ১০ এর বেশি ছিল।

বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর সংখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৭ জনে। এ বছর ১ হাজার ৪৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02eBhCmxXTcKN6opXQoQYy2EaERBMXFTpBpAoQSSWCFKZDPQdS53a9i6CCqYhSCqUel