১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার পথে আরেকটি ট্রেন
নতুন এই ট্রেনের জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ‘পালংকি’, এটি কক্সবাজারের প্রাচীন নাম। এছাড়া ‘তরঙ্গ এক্সপ্রেস’ এবং ‘প্রবাল এক্সপ্রেস’ও রাখা হতে পারে এই ট্রেনের নাম।
পর্যটকদের চাহিদা সামাল দিতে নতুন বছরের প্রথমদিন থেকে ঢাকা-কক্সবাজার পথে আরেকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজার পৌঁছবে বিকাল ৩টায়। রাত ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।
“'আমরা ট্রেনের বেশ কয়েকটি প্রস্তাবিত নামসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাব এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন ট্রেন চালু করব।”
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নতুন এই ট্রেনের জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ‘পালংকি’, এটি কক্সবাজারের প্রাচীন নাম। এছাড়া ‘তরঙ্গ এক্সপ্রেস’ এবং ‘প্রবাল এক্সপ্রেস’ও রাখা হতে পারে এই ট্রেনের নাম।
গত ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’।
বাংলাদেশ রেলওয়ে বলছে, ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন ভ্রমণে পর্যটকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। এ প্রেক্ষিতে এই রুটে আরও একটি ট্রেন চালু করতে বুধবার রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) কার্যালয়ে একটি প্রস্তাব আসে। সেখানে আগামী বছরের ১ জানুয়ারি থেকে আরেকটি একটি ট্রেন চালানোর অনুমোদন চাওয়া হয়।
এতে বলা হয়েছে, পর্যটকদের চাহিদার কারণে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি নতুন ট্রেন পরিচালনা করা যেতে পারে। কোরিয়া থেকে আনা নতুন কোচ দিয়ে এই ট্রেন পরিচালনা করা হবে। এই ট্রেনে কোচ থাকবে ১৬টি, যাতে মোট আসন থাকবে ৭৮০টি।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১ জানুয়ারি থেকে কক্সবাজার-ঢাকা আরেকটি ট্রেন চলবে।”
বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, ৮১৫ নম্বর ট্রেনটি কক্সবাজার থেকে রাত আটটায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে। সেখান থেকে রাত ১১টা ১৫ মিনিটে রওনা দিয়ে ঢাকায় পৌঁছবে ভোর ৪টা ৩০ মিনিটে।
অন্যদিকে, ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছাড়বে সকাল ৬টা ১৫ মিনিটে। সকাল ৬টা ৩৮ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছবে ট্রেনটি। পাঁচ মিনিট বিরতি দিয়ে সকাল ৬টা ৪৩ মিনিটে ট্রেনটি ছাড়বে; চট্টগ্রামে পৌঁছবে বেলা ১১টা ২০ মিনিটে।
চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে রওনা হয়ে বিকাল ৩টায় কক্সবাজার পৌঁছবে নতুন এই ট্রেন। সপ্তাহে রোববার এই ট্রেন বন্ধ থাকবে।
