২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকারী যুবক কারাগারে

গত রোববার তাকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকারী যুবক কারাগারে

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 10:23 PM

Updated : 26 Dec 2023, 10:23 PM

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকারী যুবক সুজনের দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রিমান্ড শেষে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই মনির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা।

আদালতের নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, “ওই যুবক রিমান্ডে স্ববিরোধী তথ্য দিয়েছে। তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

“কার পরামর্শে এবং ঠিক কী উদ্দেশ্যে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশ করতে চেয়েছিলেন, জিজ্ঞাসাবাদে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি যে ক্ষতিকর কোনো উদ্দেশ্য নিয়েই হাসপাতালে প্রবেশ করেছিলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”

শনিবার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনের আশপাশে সন্দেহজনকভাবে ঘুরছিলেন ৩০ বছর বয়সী সুজন। পরে কেবিনে ঢোকার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে। তিনি বেকার।

গ্রেপ্তারের পরদিন রোববার সুজনকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

পুরনো খবর:

খালেদার কেবিনে ঢোকার চেষ্টা: আটক যুবক ২ দিনের রিমান্ডে