নারায়ণগঞ্জে পূজামণ্ডপ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, চা খেলেন বোস কেবিনে
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নাচের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জের শতবর্ষী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এর আগে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন তিনি।
সোমবার দুপুরে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ ঘুরে দেখার ইচ্ছা ছিল তার। এমন একটি পূজামণ্ডপে যেতে চেয়েছিলেন, যেখানে এর আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।
পূজামণ্ডপের সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। আয়োজকদের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদও জানান।
রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নাচের আয়োজন করা হয়। এ ছাড়া আমলাপাড়া পূজামণ্ডপের ইতিহাস ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এর আগে বোস কেবিনে গিয়ে চা পান করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। শতবর্ষী এই রেস্তোরাঁ ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক নেতাদের আড্ডা এবং গোপন বৈঠকের স্থান হিসেবে পরিচিত।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির অন্য নেতারা।
নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও ঘুরে দেখেন। ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি পল্লী পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কেও ধারণা নেন তিনি।
