১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এফএও সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে বলেও প্রত্যাশা শেখ হাসিনার।

এফএও সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন

ইতালির রোমে ‘এফএও’র সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 10:41 AM

Updated : 25 Jul 2023, 10:41 AM

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও’র সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালির রোমে সোমবার ওই কক্ষটি উদ্বোধন করে তিনি বলেন, “বাংলাদেশ এবং এফএও’র মধ্যে ৫০ বছরের চমৎকার সম্পর্কের প্রতীক এই কক্ষ। এফএও সদর দপ্তরের এই ছোট্ট অংশটি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।“

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’টি প্রতিষ্ঠা করা হয় বলে বাসস জানিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে এফএওর মহাপরিচালক কিউ ডংইউ উপস্থিত ছিলেন।

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতে বাংলাদেশ ‘সংগ্রাম’ প্রায় শেষ করে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমার জীবনের লক্ষ্য হচ্ছে দেশের সকল মানুষের জন্য একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা এবং আমরা আমাদের সংগ্রামের প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি।”

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে বলেও বলেও প্রত্যাশা সরকার প্রধানের।

“আমি আশা করছি, এই কক্ষে বসে আন্তর্জাতিক প্রতিনিধিরা আমাদের অর্জনগুলোকে এক মুহূর্তের জন্য হলেও ভাববেন। আমি আশা করি, তারা সারা বিশ্বে খাদ্য নিরাপত্তা ও টেকসই প্রচারে আমাদের উদাহরণ থেকে অনুপ্রেরণা নেবে।”

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএও’র সদস্যপদ লাভের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই ছিল বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য।

বাংলাদেশের ১৬ কোটি ৮০ লাখ মানুষের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদানের কথা স্মরণ করে বছরের পর বছর ধরে তাদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।