Published : 06 Dec 2022, 01:11 PM
দুর্নীতির দায়ে দশ বছরের সাজায় দণ্ডিত পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার হাজি সেলিমকে আপিলের অনুমতি দিয়ে জামিন মঞ্জুর করে।
আদালতে হাজি সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী রাজা পরে সাংবাদিকদের বলেন, “এ মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জামিন দিয়েছেন আদালত।”
যে মামলায় দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে আছেন, ২০০৭ সালের ২৪ অক্টোবর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে সেটি দায়ের করেছিল দুদক।
২০০৮ সালের ২৭ এপ্রিল বিশেষ আদালত হাজি সেলিমকে দুই ধারায় মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
হাজি সেলিম এবং তার স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি উচ্চ আদালত তাদের সাজা বাতিল করে রায় দেয়। দুদক তখন সর্বোচ্চ আদালতে আপিল করে।
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজি সেলিমের আপিল পুনরায় হাই কোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।
সেই শুনানি শেষে গত বছরের ৯ মার্চ হাই কোর্ট বেঞ্চ একটি ধারায় হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখে এবং অন্য ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেয়। সেই সঙ্গে তাকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
উচ্চ আদালতের নির্দেশে গত ২২ মে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে হাজি সেলিম জামিন আবেদন করেন। বিচারক শহীদুল ইসলাম তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
পরদিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাজি সেলিমকে কারা তত্ত্বাবধানে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
গত ২৪ মে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম। একইসঙ্গে জামিন চেয়েও আবেদন করেন তিনি।
সে আবেদনের শুনানির পর তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত। তার ধারাবাহিকতায় গত ১ অগাস্ট তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
শুনানির পর হাজি সেলিমের জামিন আবেদনটি নথিভুক্ত করে রেখে দণ্ড বাতিল চেয়ে এই আইনপ্রণেতার করা লিভ টু আপিলটি (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য রেখেছিল আদালত।
মঙ্গলবার আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর হাজি সেলিমের মুক্তিতে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আরও পড়ুন-
পুরানো খবর:
আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারেপুরানো খবর:
হাজি সেলিম আদালতে, সমর্থকদের ভিড়পুরানো খবর:
হাজি সেলিমের জামিন আবেদন, আদালতে ভিড়পুরানো খবর:
হাজী সেলিমের এমপি পদের কী হবে?পুরানো খবর:
তথ্য গোপন: হাজী সেলিমের শাস্তি চেয়ে দুদকের আপিলপুরানো খবর:
হাজী সেলিমের ১০ বছরের দণ্ড বহালপুরানো খবর:
হাজী সেলিমের পুরনো মামলার নথি তলব হাই কোর্টেরপুরানো খবর:
হাজী সেলিমের যত দখল