মানিকনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
“সোহরাবের পাশে মোটরসাইকেলটি পড়ে ছিল। দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েছিলেন,” বলেন এসআই ফারুক।
ঢাকার মানিকনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
সবুজবাগ থানার এসআই মো. ফারুক হোসেন জানান, সোমবার সকালে মানিকনগরের সড়ক থেকে মো. সোহরাব হোসেন নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“সোহরাবের পাশে মোটরসাইকেলটি পড়ে ছিল। দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েছিলেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে,” বলেন এসআই ফারুক।
নিহতের ভাই শহিদুল্লাহ জানান, তার ভাই ইট, বালু, পাথর, সরবরাহের কাজ করতেন। সোমবার ভোরে কাজের সাইটে মালামাল এলে তিনি তা দেখে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
সোহরাবের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ঢাকায় সবুজবাগের ওয়াপদা রোড পরিবার নিয়ে থাকতেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
