দুইদিনে গ্রেপ্তার বিএনপির আট শতাধিক নেতাকর্মী কারাগারে
এদের মধ্যে বিভিন্ন পুরনো মামলার আসামি যেমন আছেন, তেমনি সন্দেহভাজন হিসেবে আটকও আছেন কয়েকজন।
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দুইদিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার আট শতাধিক নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
এদের মধ্যে বিভিন্ন পুরনো মামলার আসামি যেমন আছেন, তেমনি সন্দেহভাজন হিসেবে আটকও আছেন কয়েকজন।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অধীনে বিভিন্ন থানা এলাকার দায়িত্বপ্রাতপ্ত আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এবং ঢাকার জেলার আদালত পুলিশের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে।
শুক্রবার ৩৪৫ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭৯ জনকে ঢাকা মহানগরের ৩৫টি থানার পুরনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর চারটি থানা থেকে ৬১ জনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।
এছাড়া ঢাকা জেলার তিনটি থানা থেকে মোট পাঁচজন আসামিকে আদালতে হাজির করা হয়।
ঢাকার মুখ্য মহানগর ও মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার বিএনপির ৪৭৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি সমর্থক আইনজীবী ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিভিন্ন থানায় গ্রেপ্তার ১৫২ জনের পক্ষে শুনানি করি। আমাদের হিসাবে সবমিলিয়ে গ্রেপ্তার প্রায় এক হাজার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অপর নেতা মহিউদ্দিন চৌধুরি বলেন, ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানা থেকে সাড়ে সাতশর মতো বিএনপি নেতাকর্মী অথবা কাউকে কাউকে কর্মী দেখিয়ে আদালতে তুলে কারাগারে পাঠানা হয়।”
