২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিকের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

সোমবার অধিদপ্তরের বিভাগীয় পরিচালকদের কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে, যেখানে সাত কর্মদিবসের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 04:38 PM

Updated : 16 Jan 2024, 07:56 PM

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়ার পর অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ধারাবাহিকতায় লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের বিভাগীয় পরিচালকদের কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে, যেখানে সাত কর্মদিবসের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা).  আবু হোসেন মো. মঈনুল আহসান এ চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘আপনার নিয়ন্ত্রনাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারী হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকার বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশটি জারী করা হলো।’

গত রোববার ঢাকার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সব ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৩১ ডিসেম্বর ওই হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যায় আয়ান আহমেদ নামে এক শিশু।

আয়ানের তার মৃত্যুর পর বাবা বাদী হয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসকসহ অজ্ঞাত কয়েজনকে আসামি করে মামলা করেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ জানান আয়ানের অভিভাবকরা।

আয়ানের বাবার অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালকের নেতৃত্বে গত ১০ জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করা হয়। সে সময় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে করতে ব্যর্থ হয়।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনের সময় কাগজপত্র যাচাই-বাছাই করে স্বাস্থ্য অধিদপ্তর দেখেছে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নিবন্ধন বা লাইসেন্সের জন্য কখনোই অনলাইন আবেদন করেনি।

সোমবার শিশু আয়ানের মৃত্যুতে তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট।

পাশাপাশি সারা দেশে অনুমোদনহীন কতগুলো হাসপাতাল রয়েছে, সেই তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয় আদালত।

নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অননুমোদিত হাসপাতাল-ক্লনিক বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, “আমি বলেছি দুর্নীতির ব্যাপারে ছাড় দেব না। এই অননুমোদিত, লাইসেন্স ছাড়া হাসপাতাল এগুলো চলতে দেওয়া যাবে না। বিষয়টি আমি এক দিনে পারব না। কিন্তু আমার মেসেজ হচ্ছে যে, এই অননুমোদিত ক্লিনিক, হাসপাতাল বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমি নিজেও ভুক্তভোগী এগুলোর জন্য।”

এদিন শিশু আয়ানের পরিবারের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর জানা গিয়েছিল, অনুমোদন ছাড়াই চলছিল ওই হাসপাতাল।

২০২০ সালের নভেম্বরে ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনার পর জানা যায়, ওই হাসপাতালও সেবা দেওয়ার অনুমোদন পায়নি।

এরপর সারা দেশে অনুমোদিত এবং অনুমোদনহীন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বিভাগীয় পরিচালকদের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় কার্যালয়গুলো পাঠানো তথ্য নিয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের একটি তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তর।

ওই তালিকায় সারা দেশের ১১ হাজার ৯৪০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের নাম আসে, যারা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন এবং যথাযথ সুযোগ-সুবিধা ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিল সে সময়।

স্বাস্থ্য অধিদপ্তর সে সময় বলেছিল, ওই তালিকার মধ্যে ২ হাজার ৯১৬টি হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্সের জন্য কোনো আবেদনই করেনি। ৯ হাজার ২৪টি হাসপাতাল-ক্লিনিকের মধ্যে কোনো কোনোটি লাইসেন্সের জন্য আবেদন করে চিকিৎসা দেওয়া শুরু করলেও এখনও অনুমোদন পায়নি। আবার কোনো কোনোটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই অর্থে সেগুলোও অবৈধ।

ওই তালিকা হওয়ার পর কয়েক দফা অভিযান চালিয়ে আড়াই হাজারের মত অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন ক্লিনিককে জরিমানাও করা হয়।

এরপর ২০২৩ সালের জানুয়ারিতে তখনকার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দাবি করেন, অনুমোদনহীন কোনো ক্লিনিক-হাসপাতাল ঢাকায় আর ‘চালু নেই’।