২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হোটেল থেকে ‘লাফিয়ে পড়ে আত্মহত্যা’

অবিবাহিত শাহীন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন জানিয়ে ওসি বলেন, “হতাশাগ্রস্ত হয়ে এটা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 04:40 PM

Updated : 21 Feb 2023, 04:40 PM

ঢাকার মতিঝিলে একটি আবাসিক হোটেলের ১১ তলার ব্যালকনি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে পুলিশের ধারণা।

সোমবার রাতে ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে হাসান শাহীন নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিংগারপ্রিন্ট শনাক্ত করে শাহীনের স্বজনদের খবর দেয়। তার দুই ভাই হাসান সাব্বির ও আদিল রেজওয়ান এসে মরদেহ শনাক্ত করেন।

“সোমবার রাত ৮টার দিকে ২০তলা হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের উপর থেকে তিনি লাফ দিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কিন্তু লাফ দেওয়ার পর নিচে না পড়ে ওই ব্যালকনিতে পড়েন।”

অবিবাহিত শাহীন গুলশানে ভাইয়ের বাসায় থাকতেন জানিয়ে ওসি বলেন, “হতাশাগ্রস্ত হয়ে এটা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, “শোনা যাচ্ছে তিনি শেয়ার ব্যবসায় ছিলেন। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ময়নাতদন্তের জন্য হাসান শাহীনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।