ঝিনাইদহ পৌরসভার আটকে থাকা ভোট ১১ সেপ্টেম্বর
যে পর্যায় থেকে ঝিনাইদহ পৌর নির্বাচনটি স্থগিত হয়েছিল, সে পর্যায় থেকে পুনরায় ভোট হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
প্রায় তিন মাস স্থগিত থাকার পর ঝিনাইদহ পৌরসভায় ভোট হবে ১১ সেপ্টেম্বর।
রোববার এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
গত ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় আদালতের আদেশে ১২ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, ”যে পর্যায় থেকে পৌর নির্বাচনটি স্থগিত হয়েছিল সে পর্যায় থেকে পুনরায় কার্যক্রম শুরু করে ১১ সেপ্টেম্বর ইভিএমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।”
ইসি কর্মকর্তারা বলেন, এ নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের নিয়েই ভোট হবে।
”যে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ায় তিনিও লড়বেন এ নির্বাচনে।”
তবে এ পযায়ে নতুন কোনো প্রার্থী যোগ হওয়ার সুযোগ নেই।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২ জুন এক প্রজ্ঞাপনে খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাই কোর্টে রিট করে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান তিনি।
