২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ পৌর নির্বাচন: ভোট করতে পারবেন খালেক

হাই কোর্টের আদেশে ঝিনাইদহ পৌর নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আব্দুল খালেক।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 10:19 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী জানিয়েছেন।

Image
আবদুল খালেক

আবদুল খালেক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২ জুন এক প্রজ্ঞাপনে খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেন আব্দুল খালেক। 

আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন হবে।

রাসেল চৌধুরী জানান, হাই কোর্ট আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের ২ জুনের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেছে।

“একই সঙ্গে মেয়র পদপ্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।”  

ঝিনাইদহে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ মে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করে এবং ১ জুন সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় একই প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা চালায় আব্দুল খালেকের সমর্থকরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরও তার সমর্থকরা এ ধরনের কাজ করায় পৌরসভা নির্বাচন আচরণ  বিধিমালা লঙ্ঘন করায় আইনের ৩২ ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে, প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করার খবর পাওয়ার পর আওয়ামী লীগ শিবির ফের চাঙ্গা হয়ে উঠেছে। বিকাল থেকে তিনি ফের প্রচার শুরু করেছেন।