আজিমপুরে গৃহকর্মী ধর্ষণ মামলায় ২ আসামি কারাগারে
মামলার বিবাদী নুরুল আমিন সুপ্রিম কোর্টে পিয়ন পদে চাকরি করেন।
ঢাকার আজিমপুরে গৃহকর্মী ধর্ষণ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই ছিদ্দিকুর ইসলাম এ তথ্য দিয়েছেন।
আসামিরা হলেন- নুরুল আমিন (৪৫) ও লুৎফুন নাহার (৪২)।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক নাজমুল হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসআই ছিদ্দিকুর ইসলাম জানান, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
নুরুল আমিন সুপ্রিম কোর্টে এমএলএসএস (পিয়ন) পদে চাকরি করেন। আর লুৎফুন নাহার ওই গৃহকর্মীর পূর্ব পরিচিত। তিনিই নুরুল আমিনের হাতে ওই গৃহকর্মীকে তুলে দেন বলে অভিযোগ।
মামলায় বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় লুৎফুন নাহার ওই গৃহকর্মীকে আজিমপুর চায়না বিল্ডিংয়ের সরকারি কোয়ার্টারের পঞ্চম তলায় নুরুল আমিনের বাসায় নিয়ে যান। ওই সময় বাসায় নুরুল আমিন ছাড়া আর কেউ ছিলেন না। লুৎফুন নাহার তাকে নুরুল আমিনের কাছে রেখে বাইরে অপেক্ষা করতে থাকেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় নুরুল আমিন তাকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
