২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মঘণ্টা কমলেও সেবায় ঘাটতি হবে না: তাজুলের আশ্বাস

স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, “আমি খবর নিয়েছি, সব কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সমস্ত সেবা দেওয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব।”

কর্মঘণ্টা কমলেও সেবায় ঘাটতি হবে না: তাজুলের আশ্বাস

সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 12:43 PM

Updated : 24 Aug 2022, 01:44 PM

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা কমিয়ে সময়সূচি এগিয়ে আনা হলেও নাগরিকদের সেবায় কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

নতুন অফিসসূচি শুরুর দিন বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এই আশ্বাস দেন।

এতদিন অফিস শুরু হত সকাল ৯টায়। নতুন নিয়মে বুধবার সকাল ৮টা থেকে অফিস শুরু হয়েছে। এদিন সকাল আটটার কিছু আগেই সচিবালয়ে আসেন মন্ত্রী। একই সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকেও সচিবালয়ে ঢুকতে দেখা যায়।

সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “সেবা দেওয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমি খবর নিয়েছি, সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সমস্ত সেবা দেওয়া প্রয়োজন, তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব।

নতুন নিয়মে সব সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে।

আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলত।

সময়মত অফিস ধরতে মানুষ সকালে আগেভাগে রাস্তায় নামায় এদিন বিভিন্ন সড়কে যানজটও দেখা যায় আগেভাগেই। গণপরিবন না পেয়ে ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষ। একই সময়ে স্কুল শুরু হয় বলে রাস্তায় চাপ বেড়ে যায় অনেক বেশি। তাতে যাত্রাপথে সময় লাগছে বেশি।

অফিসের এই নতুন সসয়সূচি কত দিন অব্যাহত থাকবে জানতে চাইলে তাজুল বলেন, “সেটা নিয়ে টাইমফ্রেম ঠিক হয়নি।”

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন দেশের নেওয়া পদক্ষেপের উদাহরণ টেনে তিনি বলেন, “ইউরোপসহ অনেক দেশে শপিং মল ৬টার মধ্যে বন্ধ হয়ে যায়। এশিয়াতেও কোনো কোনো জায়গায় ৬টা বা ৮টায় বন্ধ করে।“

সরকার আরও কোনো উদ্যোগের কথা ভাবছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন “বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের যতোগুলো সুযোগ আছে সবগুলোই নেওয়া উচিত। যত বেশি বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় করতে পারি তাহলে উৎপাদনে মূল্য কম পড়বে। অপচয় কখনোই সমর্থনযোগ্য নয়। অপচয় করলে জাতীয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি হবে। আমাদের অপচয় বন্ধ করতে পারলে ভালো।“

বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত ‘হতে পারে’।

“বেসরকারি অফিসের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আমার মনে হয় সরকারি অফিস যদি আগে বন্ধ হয়, ব্যাংক আগে বন্ধ হয়, স্বাভাবিকভাবে তারাও কর্মঘণ্টা কমাতে পারে।“

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সঙ্কটের কথা তুলে ধরে তাজুল বলেন, “যুদ্ধের কারণে খাদ্যদ্রব্যের উপর চাপ সৃষ্টি হয়েছে, মারত্মাক চাপ পড়েছে জ্বালানির উপর।“

তার ভাষায়, খাদ্যশস্য উৎপাদনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সেজন্য কৃষিতে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ জরুরি।

কৃষিকে ক্ষতিগ্রস্ত না করতে আমন মৌসুমে সেচের সুবিধা নিশ্চিতে মধ্য রাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (আরইবি) ইতোমধ্যে নির্দেশ দিয়েছে সরকার।

পুরনো খবর

পুরনো খবর:

নতুন অফিসসূচির শুরুতে বাস কম, আগেভাগে যানজট
কর্মঘণ্টা কমিয়ে বদলে গেল অফিস সূচি
সেচের জন্য রাত থেকে ভোর যেন বিদ্যুৎ থাকে, নির্দেশনা পল্লী বিদ্যুৎকে
বিদ্যুৎ বাঁচাতে অফিসের কর্মঘণ্টা কমানোর সুপারিশ যাচ্ছে
শিক্ষালয়ে ছুটি এখনই দুদিন করার ভাবনা শিক্ষামন্ত্রীর