২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীর পকেটে ইয়াবা: এএসআইসহ ৩ জনের বিচার শুরু

অভিযোগ গঠন করে আগামী ২৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ রেখেছেন বিচারক।

পথচারীর পকেটে ইয়াবা: এএসআইসহ ৩ জনের বিচার শুরু

একাত্তর টেলিভিশনের ভিডিও থেকে নেওয়া ছবি।

আদালত প্রতিবেদক

Published : 08 Aug 2023, 05:26 PM

Updated : 08 Aug 2023, 05:26 PM

পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগের মামলায় সাময়িক পল্লবী থানার বরখাস্ত এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক মঙ্গলবার এই মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ ডিসেম্বর তারিখ রাখেন।

কাঠগড়ায় আসামিরা এদিন নিজেদের নির্দোষ দাবি করে মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তবে বিচারক শুনানি নিয়ে সেই আবেদন নাকচ করে দেন বলে ওই আদালতের পেশকার জহির উদ্দিন জানান।

মামলার অন্য দুই আসামি হলেন- মো. রুবেল ও সোহেল রানা।

তাদের বিরুদ্ধে গত বছরের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন ক্যান্টনমেন্ট থানার এসআই আনোয়ার হোসেন।

সেখানে বলা হয়, এএসআই মাহবুবুল ইয়াবা বহন করছিলেন। গত বছরের সেপ্টেম্বরে পথচারী খলিলুর রহমানের পকেটে ইয়াবা ঢুকিয়ে তাকে গ্রেপ্তার করেন। এই কাজে মাহবুবুলকে সহায়তা করেন তার তথ্যদাতা রুবেল ও সোহেল রানা।

তদন্ত কর্মকর্তা জানান, এএসআই মাহবুবুল এসআই কামরুল ইসলামকে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এর ভিত্তিতে সেই পথচারীর বিরুদ্ধে ১০০ ইয়াবা রাখার অভিযোগে মামলা করেছিলেন কামরুল।

গত ৬ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত এলাকায় খলিলুর রহমানকে ধরে নিয়ে যাচ্ছিলেন সাদা পোশাকে থাকা এএসআই মাহাবুবুলসহ কয়েকজন। ওই ঘটনার একটি ভিডিও পরে প্রচার করে একাত্তর টেলিভিশন।

তাতে দেখা যায়, এক সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারী খলিলুরের পকেটে ঢুকিয়ে দিচ্ছেন এএসআই মাহাবুবুল। ভুক্তভোগী পথচারীকে মারধরও করতে দেখা যায় ওই ভিডিওতে।

টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর এএসআই মাহাবুবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি কাজী সাহান হক জানিয়েছিলেন, পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগে এসআই মাহাবুবুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ঘটনার পরদিন রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন-

পুরনো খবর:

পথচারীর পকেটে ইয়াবা: এএসআইসহ  ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
পথচারীর পকেটে ইয়াবা: সেই এএসআইসহ তিনজনের জামিন
পথচারীর পকেটে ইয়াবা: সেই এএসআইসহ তিনজন কারাগারে
পথচারীর পকেটে ইয়াবা ঢুকিয়ে এএসআইসহ তিনজন রিমান্ডে