শুক্রবারও বৃষ্টির আভাস
শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
বৃহস্পতিবার রাতের দুর্ভোগের পর আবার বৃষ্টির ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকেও বৃষ্টি হবে ঢাকায়। তবে সেটা অতি ভারি বৃষ্টি হবে না। মাঝারি মানের হবে। অতি ভারি হলে শহর ডুবে যাওয়ার একটা আশঙ্কা থাকত।"
আগের দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
এমন ভারি বৃষ্টির কারণে রাতে অফিস থেকে বাড়ি ফিরতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায় শহরবাসীর। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে গিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে। বহু গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো ঠেলে নিয়ে যেতে হয়।
মিরপুরে পানিতে ডোবা সড়কে চার জনের মৃত্যুও হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের স্পর্শে তাদের এই পরিণতি হয়েছে।
শুক্রবার দুপুরেও রাজধানীর বহু এলাকাকে পানিতে তলিয়ে থাকতে দেখা যায়। নিউমার্কেট এলাকায় হাঁটু পানি ডিঙিয়েই চলতে হচ্ছে রিকশা ও গাড়িতে করে।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে জানিয়ে কাজী জেবুন্নেসা বলেন, “আজকে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দেশের উত্তরাঞ্চল, মানে রাজশাহী, রংপুর, সিলেটে আজ ভারি থেকে অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।"
হেমন্তকালের শুরুতে এমন ভারি বৃষ্টির কারণ কী- এই প্রশ্নে তিনি বলেন, "এখন আমাদের দেশে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে। আরেকটা বিষয় হল, একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল সাগরে। ওটা গতকাল বিকেলে ভূমিতে উঠে যায়। সেটা সমুদ্র থেকে সমতলে উঠলে শক্তি হারিয়ে আর্দ্রতা ছেড়ে দেয়, সেজন্য বৃষ্টিও বেড়ে যায়।"
শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর তা আবার বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোণায় ১৫৭ মিলিমিটার।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
