ব্যাংককে কমছে বন্যার পানি
বৃষ্টি আর না হলে জমে থাকা পানি ধীরে ধীরে নেমে যাবে বলে আশা করছেন কর্মকর্তারা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারি বৃষ্টি কিছুটা থামার পর রোববার নগরীর বিভিন্ন অংশ থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে বেশিরভাগ রাস্তা তলিয়ে যাওয়ার পর একদিন আগে নগরীটিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করা হয়েছিল।
শনিবার রাতে ব্যাংকক মহানগরীর প্রশাসন (বিএমএ) জানায়, বৃষ্টি কমে এসেছে, কেবল বিক্ষিপ্ত কিছু মেঘ অবশিষ্ট আছে। এতে কর্তৃপক্ষ খাল দিয়ে পানি নিষ্কাশনের ও পানির স্তর কমানোর প্রচেষ্টা তরান্বিত করার সুযোগ পায়।
বৃষ্টি আর না হলে জমে থাকা পানি ধীরে ধীরে নেমে যাবে বলে আশা করছেন কর্মকর্তারা, জানিয়েছে রয়টার্স।
শনিবার পর্যন্ত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাংককে ৩০০ মিলিমিটারেরও (১২ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়। এত নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব সড়ক তলিয়ে যায়, অনেক গাড়ি আংশিক ডুবে যায়।
বিএমন জানিয়েছে, তারা ২৩৩টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে প্রায় ৪২০০ মানুষকে সেখানে নিয়ে রেখেছে।
বছরের এ সময়ে থাইল্যান্ডে বজ্রসহ বৃষ্টি সাধারণ ঘটনা হলেও অতিবর্ষণ ব্যাংককের পানি নিষ্কাশন ব্যবস্থাকে অকার্যকর করে দেয়। ফলে শনিবার যানজটের জন্য পরিচিত শহরটির প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি শহরের খালগুলোর আশপাশে বসবাসকারীদের ঘরের মালামাল দ্রুত উপরের তলায় সরিয়ে নিতে বলা হয়। এসব খালের আশপাশের বাসিন্দাদেরই সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে রাখা হয়।
থাই আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহজুড়ে আরও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েক দিনের বৃষ্টির জন্য দায়ী নিম্নচাপটি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের দিকে সরে যাবে বলে ধারণা করা হচ্ছে।
