২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির বর্জ্য অপসারণ এবারও সন্ধ্যার মধ্যে: মন্ত্রী

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রত্যেক ওয়ার্ডে একটি করে টিম গঠন করা হয়েছে। তারা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 03:15 PM

Updated : 14 Jun 2023, 03:15 PM

গত বছরের মত এবারও ঈদুল আজহার সন্ধ্যার মধ্যে ঢাকা শহরের কোরবানির সব বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনে এবার কোথায়, কতটি অস্থায়ী পশুর হাট বসবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন মন্ত্রী। সেখানে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররাও উপস্থিত ছিলেন।

সভা শেষে স্থানীয় মন্ত্রী জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রত্যেক ওয়ার্ডে একটি করে টিম গঠন করা হয়েছে। তারা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলবে।

“গতবার সন্ধ্যার আগে ঢাকার সব কোরবানির বর্জ্য পরিস্কার করা হয়েছিল। এবারও সন্ধ্যার আগেই সব বর্জ্য অপসারণ করা হবে।

“এবারও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ব্যবস্থা গ্রহণ করবে। নির্দিষ্ট স্থানে পশুর হাট বসাতে হবে, যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। রাস্তার পাশে হাট বসানো যাবে না”, বলেন মন্ত্রী।

গত কয়েক বছর ধরে ঢাকায় নির্দিষ্ট স্থানে কোরবানির ব্যবস্থা রাখা হলেও সেখানে কোরবানি করতে খুব একটা সাড়া পাওয়া যায় না। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক।

জবাবে তাজুল ইসলাম বলেন, “এটা দৃঢ়ভাবে নিশ্চিত করা হচ্ছে যাতে করে পরিবেশ দূষণ না হয়। (নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে) মানুষকে সচেতন ও উৎসাহিত করার কাজ করা হচ্ছে।

“কোরবানির জন্য জায়গা একেবারে নির্দিষ্ট করা নেই। তবে এমন কোথাও কোরবানি করা যাবে না যেখানে পরিবেশ নষ্ট হয়।”

ঢাকার দুই সিটি করপোরেশেন কতটি অস্থায়ী পশুর হাট বসবে তা জানাতে পারেননি মন্ত্রী। তিনি বলেন, “কোরবানির জন্য এখনও অনেক সময় আছে। ঢাকার দুই সিটির বিষয়টি এখনো আপডেট হয়নি। আমরাও কাজ করছি, উনারাও কাজ করছেন, সংখ্যাটা পরবর্তীতে জানানো যাবে।”

কোনো সমস্যার কারণে পশুর হাটের সংখ্যা নির্ধারণে দেরি হচ্ছে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, “কোনো সমস্যা নেই। আমরা স্বস্তিকর অবস্থায় আছি। …অন্যবারের থেকে এবার উর্বর অবস্থায় আছি। কোভিডমুক্ত পরিবেশে এবারই প্রথম আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, হাট-বাজারটা এবার উদযাপনপূর্ণ হবে।”

এবার সারা দেশে কতগুলো পশুর হাট বসবে, সে তথ্য জানাতে পারেননি তাজুল ইসলাম। জানান, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যৌক্তিক স্থানে পশুর হাট বসানো হবে।