নিউ ইয়র্কের বিমানবন্দরে ইউনূসকে আওয়ামী লীগ নেতাদের ‘হেনস্তা’
উদ্ভূত পরিস্থিতিতে তাকে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সময় সোমবার বিকাল পৌনে ৪টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন এ নোবেলজয়ী।
এসময় পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, “ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ। ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট, হোয়াই ইউ কাম হিয়ার?... হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হান্ড্রেড থাউজ্যান্ড... হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।”
এ ঘটনা নিয়ে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
ঘটনার বিষয়ে ইউনূস সেন্টারের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এদিকে ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।
সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির পর তার এ সিদ্ধান্তের কথা জানা যায়।
সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে সম্মেলনের আগ মুহূর্তে বক্তার তালিকায় তার নাম আর দেখা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের পক্ষে আনা স্টোরমার এক ইমেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য ঢাকায় ইউনূস সেন্টারে যোগাযোগ করে তাদের সাড়া পায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
