১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইউনূস স্যারের কোনো ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ

“ওই বর্বর লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন, সেটাই এ ঘটনায় প্রকাশ পেয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 04:59 PM

Updated : 13 Oct 2026, 05:58 PM

সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে ‘হেনস্তা’র ঘটনায় তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ বলেছেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি।”

মঙ্গলবার বেলা ৩টায় ফেইসবুকে দুই শিশুর সঙ্গে নোবেলজয়ী ইউনূসের আদরমাখা ছবি পোস্ট করে তিনি এ কথা জানিয়েছেন।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া বলেছেন, “জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে (মুহাম্মদ ইউনূস) ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম।

“পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।”

মুহাম্মদ ইউনূসকে সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে নেমেই হেনস্তার শিকার হন।

সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, “ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ।… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।”

ঘটনার সময় ইউনূসের পাশে লাগেজ হাতে থাকা লামিয়া মোরশেদ ফেইসবুকে পোস্টে বলেছেন, “ওই বর্বর লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন, সেটাই এ ঘটনায় প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।”

ঘটনার খবর পেয়ে যারা পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, তাদের ধন্যবাদ দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া।