‘ফুড সিস্টেম’ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী রোমে
জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে এই সম্মেলনে গেলেন শেখ হাসিনা।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ‘ফুড সিস্টেম’সম্মেলনে যোগ দিতে ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে বলে বাসস জানিয়েছে।
এ দিন ভোর ৫টার পর ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। পথে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করে ফ্লাইটটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) সম্মেলনে যোগ দিচ্ছেন।
রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ২৪ থেকে ২৬ জুলাই ইউএনএফএসএস+২ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’।
গত ২০ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে ‘শক্তির ক্ষেত্রে সহযোগিতা’ ও ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ শীর্ষক দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।
সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বলে মোমেন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন।
এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
২০২১ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ইউনাইটেড নেশনস ফুড সিস্টেমস সামিটে’ গৃহীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে ইউএনএফএসএস+২ শুরু হচ্ছে। আগের ওই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী পাঁচ দফা সুপারিশ রেখেছিলেন।
২৫ জুলাই রোমে প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন।
এই বৈঠক নিয়ে মোমেন বলেছিলেন, “এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী ওনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন।”
এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সমঝোতা স্মারক সই হবে।
শেখ হাসিনা ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দেবেন।
আগামী ২৬ জুলাই দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর রোম ত্যাগ করার কথা রয়েছে।
