২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেই হেনরি ও ফার্গুসন

ভারতের বিপক্ষে সিরিজের বাকি অংশে নিউ জিল্যান্ডের পেস শক্তির গভীরতার পরীক্ষা হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 01:01 PM

Updated : 25 Oct 2026, 01:01 PM

সিরিজ জিইয়ের রাখতে হলে পরের ম্যাচ জিততেই হবে নিউ জিল্যান্ডকে। কিন্তু সেই লড়াইয়েই থাকছেন না ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। মূলত ওয়ার্কলোড সামলানোর অংশ হিসেবেই বিশ্রাম দেওয়া হচ্ছে অভিজ্ঞ দুই পেসারকে।

ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশে তাই নিউ জিল্যান্ডের পেস আক্রমণের গভীরতার একটি পরীক্ষাও হয়ে যাবে। নির্বাচকরাও সেভাবেই সাজিয়েছেন ছক।

সিরিজে তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যু ওয়েলিংটনে যাচ্ছেন না ফার্গুসন। শেষ দুটি ম্যাচের জন্য তিনি দলের সঙ্গে যোগ দেবেন অকল্যান্ডে।

হেনরি খেলবেন না সিরিজের বাকি তিন ম্যাচের কোনোটিতেই। ফার্গুসন শুধু সীমিত ওভারের ক্রিকেটে খেললেও হেনরি তিন সংস্করণেই দলের গুরুত্বপূর্ণ অংশ। তার বিশ্রামও তাই একটু বেশি। ওয়ানডে সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি অকল্যান্ডে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে না খেলা কাইল জেমিসন খেলবেন তৃতীয় ম্যাচে। এরপর ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলে তিনি যোগ দেবেন ওয়ানডে দলের সঙ্গে।

শেষ তিনটি টি-টোয়েন্টির দলে যোগ দেবেন ব্লেয়ার টিকনার। শেষ দুই ম্যাচের দলে থাকছেন জশ ক্লার্কসন।

তৃতীয় টি-টোয়েন্টির দলে থাকবেন আরেক পেসার ম্যাট ফিশারও। তবে তাকে রাখা হচ্ছে কেবল ‘কাভার’ হিসেবে। ওই ম্রাচ শেষে ভারত ‘এ’ দলের বিপক্ষে নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি।

সিরিজের প্রথম দুই ম্যাচেই রোমাঞ্চকর রান তাড়ায় জিতে সিরিজ জয়ের দুয়ারে ভারত।