যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করা হবে: সিইসি
“ভোটকেন্দ্রে যাতে কোনো অনিয়ম-কারচুপি দখলদারিত্ব না হয়, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন।”
ভোটকেন্দ্রে অনিয়ম-কারচুপি ও দখলদারিত্ব ঠেকাতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, “যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে।
“ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তরাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম-কারচুপি দখলদারিত্ব না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন, সেটা নিশ্চিত করা হবে।”
শুক্রবার সকালে যশোরে শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা শেষে একথা বলেন সিইসি।
খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর ডিসি, এসপি, ইউএনও, ওসি, বিজিবি ও আনসার বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সকালে মতবিনিয়ম করেন তিনি। এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। চূড়ান্ত প্রার্থীরা প্রতীক পাওয়ার পর নেমেছেন প্রচারে। ভোটের মাঠে স্বতন্ত্র ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের হামলা-ভাঙচুরের খবরও আসছে।
বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, “বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম ও খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৩টায় শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩২ প্রার্থীর সঙ্গেও সিইসি মতবিনিময় করেন।
