২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার নতুন হিসাবও নির্ধারণ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 10:31 PM

Updated : 20 Sep 2026, 10:31 PM

সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির পর প্রয়াত চাকুরেদের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী কীভাবে আজীবন পেনশন পাবেন তা সুস্পষ্ট করেছে সরকার।

রোববার এ বিষয়ক নতুন প্রজ্ঞাপনে তাদের প্রতিবছর একবার করে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র হিসাবরক্ষণ কার্যালয়ে দাখিলের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

কোনো অবসরপ্রাপ্ত সরকারি চাকুরের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীদের আগেও বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাওয়ার সুযোগ ছিল। এখন প্রতিবছর তাদের অঙ্গীকারনামা জমা দেওয়ার কথা বলা হল।

তবে ৫০ বছরের বেশি বয়সি বিধবার ক্ষেত্রে এ অঙ্গীকারনামার শর্ত প্রযোজ্য হবে না বলে তুলে ধরা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এ প্রজ্ঞাপনে।

এ প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়মও নির্ধারণ করা হয়েছে; যেগুলো ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার নতুন হিসাব নির্ধারণ করেছে সরকার।

নতুন নিয়মে চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, যেসব পেনশনভোগী বর্তমানে ৯ হাজার টাকা বা এরও কম নিট পেনশন পান, তারা এখন নতুন বেতন কাঠামোয় নিট পেনশন পাবেন সর্বনিম্ন ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা। অর্থ্যাৎ এক্ষেত্রে দ্বিগুণ বা ১০০ শতাংশ বেড়েছে।

অপরদিকে সর্বোচ্চ পর্যায়ে যারা মাসে ৪০ হাজার ১ টাকা থেকে এর বেশি পেনশন পান, তারা পাবেন সর্বনিম্ন ৬২ হাজার ১ টাকা থেকে ৭০ হাজার ২০০ টাকা টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন বেড়েছে ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা এর বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে নিট পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বা এর বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে।

বেশি সময় চাকুরেতে থাকার ওপর পেনশনের পরিমাণ বাড়ার কথা বলা হয়েছে। সর্বশেষ পাওয়া মূল বেতনের ওপর ভিত্তি করে পেনশনের হার নির্ধারণ করা হবে।

পাঁচ বছর চাকরি হলে পেনশনের হার হবে মূল বেতনের ২১ শতাংশ। এরপর প্রতিবছর চাকরিকালের সঙ্গে পেনশনের হার বাড়বে। ১০ বছর চাকরিতে এ হার ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে হবে ৭২ শতাংশ।

এছাড়া ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ, ২৪ বছরে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা এর বেশি চাকরিকালে পেনশনের হার হবে ৯০ শতাংশ।

ছুটি নগদায়ন আগের মতই

এদিকে অবসরপ্রাপ্তদের ছুটি নগদায়নের বিষয়টি আগের মতই রাখা হয়েছে। বলা হয়েছে, অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে ১৮ মাসের ছুটি নগদায়ন করা যাবে। অর্থাৎ ১৮ মাসের মূলবেতনের সমপরিমাণ অর্থ পাবেন সরকারি চাকুরেরা।

এছাড়া অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্ধগড় বেতনের ছুটিকে ১ দিনের গড় বেতনে ছুটিতে রূপান্তর করা যাবে।

অবসরকালীন মূলবেতনের ভিত্তিতে উক্ত নগদায়ন সুবিধা অবসর-উত্তর ছুটির শুরুতে তিনি পাবেন। অবসর-উত্তর ছুটি ভোগ না করলেও এ আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।