২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ঝুলছিল মা, বিছানায় দুই সন্তানের লাশ

বেঁচে থাকা আরেক সন্তান কোচিং থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 11:33 PM

Updated : 08 Dec 2022, 11:35 PM

Image

প্রতীকী ছবি

ঢাকার হাজারীবাগের একটি বাসা থেকে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর গদিঘর এলাকার একটি টিনশেড ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- হাসিনা (২৭), তার তিন বছর বয়সী মেয়ে সাদিয়া (৩) ও সাত মাস বয়সী ছেলে সিয়াম। হাসিনাকে ঝুলন্ত এবং অন্য দুইজনকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সময় হাসিনার স্বামী সাদ্দাম এবং দ্বিতীয় শ্রেণি পড়ুয়া বড় ছেলে ঘরে ছিল না।

সাদ্দাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বড় সন্তান কোচিং করতে গিয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা লাগা দেখে ডাকাডাকি করে। পরে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে তাদেরকে মৃত অবস্থায় পায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, হাসিনা তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”

হাসিনার স্বামী সাদ্দাম হোসেন একজন গাড়ি চালক।

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে কী নিয়ে বিরোধ তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।