২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রায়ের বাজারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ

এর আগে গত ৩ ডিসেম্বর সেখানে হামলায় আহত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 02:51 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

ঢাকার রায়ের বাজারে আসামি গিয়ে হামলায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে।

বুধবার সন্ধ্যার ওই ঘটনায় আহতদের সোহরাওয়ার্দী হাসপাতাল এবং জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। তাদের অনেকের মাথা ফেটে গেছে, হাতের রক্তনালী কেটে গেছে, কারো ভেঙেছে হাত।

আহতরা হলেন- মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম, এএসআই সোহেল রানা এবং সোর্স আল আমিন। তাদের মধ্যে আল আমিন বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোটঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় আসামি ধরতে গেলে নারী-পুরুষ মিলে পুলিশকে ঘেরাও করে বেধড়ক পেটায়।

“রড লাঠি ছাড়াও নারীদের হাতে বটিও দেখা গেছে। পরে পুলিশসহ পাঁচজন আহত হলে তারা সেখান থেকে চলে আসে এবং হাসপাতালে নেওয়া হয়।”

এ ঘটনার পর রাতে সেখানে আরও পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা যায়।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর) জুয়েল রানা বলেন, ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৩ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে গেলে তাদের ওপরও হামলা হয়। তাতে এক কর্মকর্তা আহত হয়েছিলেন।