০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: আপিলের অনুমতির আদেশ সোমবার

ছয় বছর আগে এ মামলার রায় হয়েছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: আপিলের অনুমতির আদেশ সোমবার
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 12:09 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টের দেওয়া সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিলের অনুমতি পাবেন কি না- তা জানা যাবে সোমবার।

রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন বেঞ্চ আদেশের এ দিন ঠিক করে দেয়।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন।

একইসঙ্গে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

ওই বছরের ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। এদিকে মার্চ খালেদার সাজা বৃদ্ধি চেয়ে দুদকও আবেদন করে হাই কোর্টে। 

সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে।

একইসঙ্গে পাঁচ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়া ও অন্য আসামিদের আপিল আবেদন খারিজ করে হাই কোর্টের একই বেঞ্চ।

এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন খালেদা জিয়া।