সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী
সফরের দ্বিতীয় দিন ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।
ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিটে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জেনিভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক ও কূটনৈতিক কোরের প্রধান প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, স্থানীয় সময় বিকাল ৫টায় ফ্লাইটটি জেনিভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
সফরের দ্বিতীয় দিন বুধবার ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।
সফরকালে তিনি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসার সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস সোয়াব, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।
ওই দিন বিকালে সুইজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।
আগামী শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে জেনিভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
