দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, গুজব ও অপপ্রচাররোধে ১৫টি প্রতিবেদন, ৭২টি তথ্যবিবরণী এবং একটি প্রেসনোট জারিসহ ৭টি ফিচার তথ্য অধিদপ্তর থেকে জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের অগ্রযাত্রা ঠেকাতে একটি দুষ্টচক্র দেশে-বিদেশে ‘ষড়যন্ত্র ও অপপ্রচার’ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দুষ্টচক্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলো কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন মেগাপ্রকেল্পের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব অবকাঠামো বাংলাদেশের ‘অগ্রযাত্রার মুকুটে নতুন নতুন স্বর্ণ পালক’ যুক্ত করেছে। বাস্তবায়িত প্রকল্পসমূহের মাধ্যমে দেশের জনগণ বহুমুখী অর্থনৈতিক সুফল পাচ্ছেন।
বর্তমান সরকার দেশের জনগণের উন্নয়নে ‘নিরলসভাবে’ কাজ করে যাচ্ছে মন্তব্য করে সংসদ নেতা বলেন, “বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রায় গতিরোধ করতে বহিঃর্বিশ্বে ও বাংলাদেশে অপপ্রচারকারীদের একটি দুষ্টচক্র সরকার এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সকল দুষ্টচক্রের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা কাজ করছে।”
প্রধানমন্ত্রী বলেন, “দেশের বিরুদ্ধে অপপ্রচারসমূহ মোকাবিলাসহ বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং অনলাইন মিডিয়াতে নিয়মিতভাবে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ, প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশের এবং কনটেন্ট প্রচারের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।
“বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ নানা রকম সভা বা আলোচনা অনুষ্ঠান আয়োজনের আধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সচেতন করে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও হীন কর্মকাণ্ডের সাথে জড়িত স্বার্থান্বেষী ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে প্রবাসে জনমত গঠন করা হচ্ছে।”
ফেইসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘তৎপর রয়েছে’ জানিয়ে সরকারপ্রধান বলেন, “যে সমস্ত অসত্য বা বিকৃত খবর ও গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, সেগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা অতিথিদের সঙ্গে আলোচনার বিষয়ে সংবাদমাধ্যম, ফেইসবুক পেজ ও টুইটারের মাধ্যমে বিশ্ববাসীকে অবহিত করা হয়েছে বলে জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, গুজব ও অপপ্রচাররোধে ১৫টি প্রতিবেদন, ৭২টি তথ্যবিবরণী এবং একটি প্রেসনোট জারিসহ ৭টি ফিচার তথ্য অধিদপ্তর থেকে জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।
বঙ্গবন্ধু টানেল ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়
সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামসহ সারা দেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
“এ টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর আনোয়ারা প্রন্তে আবাসন ও পর্যটন শিল্পের বিকাশ, কলকাখানা স্থাপন ও সহজ যোগযোগ ব্যবস্থার কারণে ব্যপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিন বেলজিয়াম সফর শেষে ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
