২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে লুটপাটের অভিযোগ

নির্বাচনের পর ভোলা জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও চাঁদাদাবি করার অভিযোগ করা হয়েছে। ভোলা জেলা বিএনপি কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ভোলা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পর ভোলা জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও চাঁদাদাবি করার অভিযোগ করা হয়েছে। ভোলা জেলা বিএনপি কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার শহরের ব্যবসায়ী ও বিএনপি নেতা খোকা চৌধুরীকে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে অপহরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি ভোলা-১ আসনে নব নির্বাচিত সাংসদ আন্দালিব রহমান পার্থ জানলে তিনি ভোলায় নৌ বাহিনী ও র‌্যাব সদস্যদের জানান। বিএনপি নেতারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে খোকা চৌধুরীকে উদ্ধার করে পার্থ'র হেফাজতে পৌঁছে দেয়। সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার ফাঁকে বিএনপির কাচিয়া ইউনিয়ন সভাপতি ওদুদ পাটোয়ারী দাবি করেন তার কাছে ০১৭২৪-৯৮৯৬৩৬ নম্বরের মোবাইল থেকে ফোন করে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া মারধর করা হয় ইলিশার নাদের মিয়ার হাটের আবু মুহুরীকে। তিনি এখন ভোলা হাসপাতালে চিকিৎসাধীন । মারধরের পর ভোলা হাসপাতালে রয়েছেন বাপ্তা ইউনিয়নের চাচড়ার শ্রমিক দল কর্মী মাকসুদও। শান্তির হাটের কামালের নেতৃত্বে ইটভাটা শ্রমিকদের কাছে চাঁদা দাবি করা হয় বলেও দাবি করা হয় সম্মেলনে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি সভাপতি মোজাম্মেল হক, ফারুক মিয়া, রাইসুল ইসলাম, জেলা যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন এবং সদর উপজেলার ৭ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার জিএম আজিজুর রহমান জানান, পুলিশ কিছু কিছু অভিযোগ পেয়েছে। সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৪ঘ.