কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান। জিতেছেন দলের মুখপাত্র আশরাফুল ইসলামও।
জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কারাবন্দি থাকা অবস্থায় এই দুই জনই আওয়ামী লীগের নেতৃত্ব দেন।
কিশোরগঞ্জের একটি আসনে জয়ী হয়েছেন সাবেক স্পিকার আব্দুল হামিদও।
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ১ লাখ ৭১ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের প্রার্থী বিএনপির মাসুদ হিলালী পেয়েছেন ৯৬ হাজার ১০৫ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের ডা. এমএ মান্নান ১ লাখ ৭৩ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইদ্রিস আলী ভুইয়া পেয়েছেন ৯৬ হাজার ৪৮৯ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে ১ লাখ ৫৮ হাজার ৮৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহঙ্গীর আলম মোল্লা পেয়েছেন ৫২ হাজার ৭০৭ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল হামিদ ১ লাখ ১৬ হাজার ৪২৭ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। চারদলীয় জোট প্রার্থী বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ৯১ হাজার ২৪৬ ভোট।
কিশোরগঞ্জ-৫ (নিকলি-বাজিতপুর) আসনে মহাজোট প্রার্থী আফজাল হোসেন নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৫২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের মুজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৬৪ হাজার ৯৪৮ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ১ লাখ ৪৪ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে চারদলীয় জোটের শরীফুল আলম পেয়েছেন ৮৯ হাজার ৮৩৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এএল/এমআই/০৩৪১ ঘ.
bdnews24