২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নম্বর জটিলতা: কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন ভোটাররা

ভোটকেন্দ্রে থাকা ভোটার তালিকায় নাম না থাকায় চট্টগ্রাম-১০ (বন্দরটিলা) আসনের একটি কেন্দ্রে বেশ কিছু ভোটার সোমবার দুপুর পর্যন্ত ভোট দিতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটকেন্দ্রে থাকা ভোটার তালিকায় নাম না থাকায় চট্টগ্রাম-১০ (বন্দরটিলা) আসনের একটি কেন্দ্রে বেশ কিছু ভোটার সোমবার দুপুর পর্যন্ত ভোট দিতে পারেননি। নম্বর জটিলতায় যারা ভোট দিতে পারছেন না তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। নাম ও নম্বর খুঁজতে তারা সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরছে। চট্টগ্রামের বন্দরটিলা এলাকার এই ভোটারদের ভোট দেওয়ার কথা ছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ভবন কেন্দ্রে। জোৎস্না আক্তার ও মো. আব্দুল বলেন, তাদের মত প্রায় দেড় হাজার ভোটারের নাম নেই। নাসরিন আক্তার নামের একজন ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ এলাকাতেই তারা ভোটার হয়েছেন। এ কেন্দ্রেই তাদের ভোট দেওয়ার কথা। কিন্তু ভোট দিতে এসে দেখেন তাদের নাম নেই। লিপি আক্তার বলেন, "এ কেন্দ্রে নাম নেই শুনে কয়েকটি কেন্দ্র ঘুরে এলাম কিন্তু কোথাও আমাদের নাম নেই। আমরা মনে হয় আর ভোট দিতে পারব না।" বন্দরটিলার ৩৯ নম্বর ওয়ার্ডের আরও কয়েকটি কেন্দ্রে এ অবস্থা দেখা গেছে। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, জটিলতা নিরসনের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/এমএইচবি/১৩১৪ ঘ.